অর্থনীতি
ছবি: সংগৃহীত

অনলাইনে ভ্যাট রিটার্ন হালনাগাদের সময় আরও বাড়াল এনবিআর।

নিজেস্ব প্রতিবেদক:

ভ্যাট ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে করদাতাদের জন্য আরও একটি সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাগজে জমা দেওয়া পুরোনো ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করার সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

রোববার (৭ জুন) এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, এখনও উল্লেখযোগ্য সংখ্যক করদাতা তাদের পূর্বে দাখিল করা হার্ডকপি রিটার্ন অনলাইন প্ল্যাটফর্মে আপলোড বা এন্ট্রি করেননি। ফলে রেকর্ড সংরক্ষণ ও সিস্টেম হালনাগাদের স্বার্থে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাটি বলছে, আগামী জুলাই থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় পুরোনো তথ্য ডিজিটাল ডাটাবেজে স্থানান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ই-ভ্যাট প্ল্যাটফর্মে ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ নামে বিশেষ সুবিধা চালু রাখা হয়েছে।

এনবিআরের মতে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য অন্তর্ভুক্ত না করলে কিছু হিসাব বা ব্যালেন্স ভবিষ্যতে অকার্যকর হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে ওই তথ্যের ভিত্তিতে সমন্বয়ের সুযোগ সীমিত হতে পারে।

বিশেষ করে ভ্যাট রিফান্ড পাওয়ার ক্ষেত্রে শতভাগ রিটার্ন অনলাইন সিস্টেমে সংরক্ষিত থাকা বাধ্যতামূলক। কোনো প্রতিষ্ঠানের পূর্ববর্তী রিটার্ন অসম্পূর্ণ থাকলে তারা অর্থ ফেরতের আবেদন করার সুযোগ হারাতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

কর প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে এনবিআরের চলমান উদ্যোগের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সব করদাতাকে তাদের তথ্য হালনাগাদ সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন