খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিসিবি নির্বাচনে নতুন নেতৃত্ব, পরিচালক নির্বাচিত হলেন তামিম ইকবাল।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বহুল প্রতীক্ষিত নির্বাচন শেষ হয়েছে উৎসবমুখর পরিবেশে। ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১২ জন প্রার্থী পরিচালক নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৪টার পর শুরু হওয়া গণনা শেষ হয় সন্ধ্যা ৬টায়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ক্লাব ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারদের রায়ে ১২ জন পরিচালক পদে নির্বাচিত হন।

ভোটের ফল অনুযায়ী সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। তার পরেই ৭২ ভোট করে নির্বাচিত হয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট, ফয়সাল ইয়াসির ৬৮, ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬ করে, আসিফ রাব্বানি ৬৪ এবং মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট পেয়ে পরিচালক হয়েছেন।

তালিকার অন্য নির্বাচিতরা হলেন— রফিকুল ইসলাম বাবু, ড. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে চারজন প্রার্থী পরাজিত হয়েছেন। তাদের মধ্যে বোরহানুল পাপ্পু ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফয়জুর মিতু ২৩ ভোট এবং মেজর ইমরোজ আহমেদ ২০ ভোট পান।

মোট ৭৬ জন কাউন্সিলরের মধ্যে ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের মাধ্যমে বিসিবির পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্বের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন