ব্রাহ্মণবাড়িয়ায় দোকানের জায়গা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার থলিয়ারা গ্রামে দোকানের জায়গা নিয়ে পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ দফায় দফায় দুপুর পর্যন্ত চলে।
স্থানীয়রা জানান, নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মিন্দার আলী গোষ্ঠীর জুবায়ের এবং বাদৈর বাড়ির জয়নাল মিয়ার মধ্যে একটি দোকানের জায়গা নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। ওই দোকানটি স্থানীয় শিরো মিয়া পরিচালনা করতেন।
সম্প্রতি স্থানীয় সালিশে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়।
রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে পরিস্থিতি দ্রুতই সহিংসতায় রূপ নেয়। টেঁটা, বল্লম ও লাঠিসোঁটা ব্যবহার ছাড়াও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন টেঁটাবিদ্ধসহ আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মতামত দিন