আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, পরিবারপ্রতি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা।
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, ক্ষতিপূরণের পাশাপাশি আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে।
এর আগে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাসুবিধা এবং যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ দেওয়া হবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে আজীবন বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন (ওষুধ ব্যতীত)। একই সঙ্গে আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা অনুযায়ী বিনা বেতনে পড়ার সুযোগ এবং উচ্চশিক্ষায় বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফের ব্যবস্থাও থাকবে।
এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মতামত দিন