বিনোদন
ছবি: সংগৃহীত

নতুন লুকে অপু বিশ্বাস, সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন লুকে সামাজিক মাধ্যমে হাজির হয়ে আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি শবনম বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার খবরের পরদিনই তার এই নতুন ছবি প্রকাশ ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও মন্তব্য।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেগুনি রঙের শাড়িতে কয়েকটি ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। সূক্ষ্ম কারুকাজ ও মানানসই গয়নায় সজ্জিত এই ছবিগুলোতে তাকে আভিজাত্যপূর্ণ এক লুকে দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ব্যক্তিত্ব ও নীরব অভিব্যক্তিই একজন মানুষের আসল পরিচয় প্রকাশ করে।

তার এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন, কেউ কেউ আবার তাকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।

তবে পোস্টটিকে ঘিরে সামাজিক মাধ্যমে বুবলী ও শাকিব খান ইস্যুও উঠে এসেছে। কেউ কেউ মন্তব্যে ব্যক্তিগত সম্পর্ক ও চলমান আলোচনার প্রসঙ্গ টেনে বিভিন্ন প্রতিক্রিয়া জানালেও অনেকেই বিষয়টিকে ব্যক্তিগত গণ্ডিতেই রাখার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগের দিন (৫ জুন) শবনম বুবলী জানান, শাকিব খানের সঙ্গে তার সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যার প্রভাব সামাজিক মাধ্যমেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

মতামত দিন