রামিসা হত্যা মামলার রায়কে মাইলফলক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রমকে মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৭ জুন) মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালনকালে পুলিশের কার্যক্রম প্রশংসনীয় ছিল এবং সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে।
বিভিন্ন আন্তর্জাতিক ও সীমান্ত ইস্যু প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুশইন নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক ও জুয়া নিয়ন্ত্রণে বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিশেষ অভিযানের বিষয়ে আগাম তথ্য প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।
এর আগে, আজ সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
গত ১৯ মে রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে ২০ মে পল্লবী থানায় নিহত শিশুটির বাবা হত্যা মামলা দায়ের করেন এবং তদন্ত শেষে আদালতে বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়।
মতামত দিন