জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান, শিক্ষাব্যবস্থা সংস্কারে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠন এখন সময়ের দাবি।
তিনি বলেন, বিশ্বের পরিবর্তিত বাস্তবতায় প্রচলিত শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার ওপর গুরুত্ব বাড়াতে হবে।
তিনি আরও বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও দক্ষতাভিত্তিক করতে হলে শিক্ষার্থীদের শুধু সনদনির্ভর না হয়ে বাস্তবমুখী প্রশিক্ষণের দিকে এগোতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করায় এই প্রতিষ্ঠানটি দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারেক রহমান জানান, আধুনিক শিক্ষায় তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, প্রোগ্রামিং, ডিজিটাল উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্ব, আর্থিক সচেতনতা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি, ন্যানোপ্রযুক্তি ও আধুনিক গবেষণাভিত্তিক বিষয় যুক্ত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ বাড়াতে ইন্টার্নশিপ ও বাস্তব প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে।

মতামত দিন