আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, বাহরাইন-কুয়েত লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি ও আপাত শান্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইন ও কুয়েতের দিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ছোড়ার অভিযোগ উঠেছে।

শনিবার ভোরে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে সংশ্লিষ্ট সামরিক সূত্র। তবে বাহরাইন কর্তৃপক্ষ ও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই প্রতিহত করা হয়েছে।

মার্কিন সেন্টকমের তথ্য অনুযায়ী, মোট সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে ছয়টি ধ্বংস করা হয়েছে এবং একটি লক্ষ্যভ্রষ্ট হয়। বাহরাইনে মার্কিন নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই এ অভিযান চালানো হয়েছে। তাদের অভিযোগ, এর আগে ইরানের কিছু সামরিক ও নজরদারি স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়, যা যুদ্ধবিরতির লঙ্ঘন।

এ ঘটনায় বাহরাইন ও কুয়েত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দুই দেশই একে সার্বভৌমত্বের লঙ্ঘন ও গুরুতর উসকানি হিসেবে আখ্যা দিয়েছে। পরিস্থিতি ঘিরে পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

মতামত দিন