আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি ভেঙে আবার উত্তেজনা, কুয়েত-বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

রাতের আঁধারে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠেছে। শনিবার (৬ জুন) ভোরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, কুয়েতের দুটি মার্কিন বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

ইরানের দাবি, রাত দেড়টার দিকে চারটি তেলবাহী ট্যাংকার বারবার সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে। একটি ট্যাংকার থামিয়ে দেওয়া হয়, বাকিগুলো ফিরে যেতে বাধ্য হয়। এরপর রাত আড়াইটার দিকে মার্কিন ড্রোন ইরানের কেশম ও সিরিক এলাকায় দুটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালালে পাল্টা জবাব দেয় তেহরান।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে ভিন্ন কথা। তাদের দাবি, হরমুজ প্রণালির দিকে ছোড়া চারটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এরপর আত্মরক্ষার্থে গোরুক ও কেশম দ্বীপের ইরানি রাডার স্থাপনায় হামলা চালানো হয়।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, এই আগ্রাসন থামানো না হলে পরবর্তী জবাব আরও কঠোর হবে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করলে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে। ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, কিন্তু সেই শান্তি আর বেশিক্ষণ টেকেনি।

সূত্র: প্রেস টিভি

মতামত দিন