ভারতের হিমাচলে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত।
শুক্রবার (৫ জুন) রাতে ভারতের হিমাচল প্রদেশে ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কেঁপে ওঠে কাংড়া, চাম্বাসহ আশপাশের বেশ কয়েকটি জেলা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাত ১০টা ৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ধর্মশালা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কাংড়া-চাম্বা সীমান্তের কাছে কাংড়া জেলার ধার গোদাই এলাকায়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।
কম্পন টের পেয়ে ধর্মশালাসহ আশপাশের এলাকার মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
কম্পন শুধু হিমাচলেই সীমাবদ্ধ থাকেনি, চণ্ডীগড়, পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন এলাকায়ও অনুভূত হয়েছে। চণ্ডীগড়ের বাসিন্দা বলদেব চাঁদ বলেন, ঘুমানোর আগে হঠাৎ হালকা কাঁপুনি টের পেলাম, কয়েক সেকেন্ডেই শেষ হয়ে গেল।
উল্লেখ্য, কাংড়া ও চাম্বা দুটি জেলাই ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ 'সিসমিক জোন-৫' এলাকার অন্তর্ভুক্ত।
মতামত দিন