‘জনম জনম কাঁদিব’—বিয়ের পর দীপ্তির পোস্ট।
বিয়ের দিনই মন জুড়ানো একটি পোস্ট দিয়ে সবার হৃদয় ছুঁয়ে গেলেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। স্বামীকে 'মাস্টার সাহেব' বলে সম্বোধন করে হুমায়ূন আহমেদের বিখ্যাত সংলাপের ছাঁচে লেখা সেই ক্যাপশন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
শুক্রবার (৫ জুন) ঢাকার বাংলামোটরের একটি রেস্তোরাঁয় ঘরোয়া পরিবেশে দীপ্তির আক্দ সম্পন্ন হয়। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়। সন্ধ্যায় বিয়ের ছবি প্রকাশ করে দীপ্তি লেখেন, 'মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!'
হুমায়ূন আহমেদের উপন্যাসের সেই চিরচেনা সংলাপে 'ডাক্তার সাহেব' ছিলেন, দীপ্তি সেখানে বসালেন 'মাস্টার সাহেব' — কারণ তার স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় শিক্ষক ও গবেষক। অক্সফোর্ড থেকে পিএইচডি করা এই মানুষটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক।
পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছার ঢল নেমেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানানো হবে।
মতামত দিন