রামিসা হত্যা মামলার রায় রোববার, ফাঁসির দাবি রাষ্ট্রপক্ষের।
পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার মামলার রায় আজ রোববার (৭ জুন) ঘোষণা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় দেবেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান শনিবার (৬ জুন) বলেন, সাক্ষ্যপ্রমাণে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে। তাদের মৃত্যুদণ্ড হবে বলেই প্রত্যাশা রাষ্ট্রপক্ষের।
মামলার ঘটনা যা জানা গেছে, গত ১৯ মে সকালে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা ঘর থেকে বের হলে প্রতিবেশী স্বপ্না তাকে নিজের কক্ষে নিয়ে যায়। পরে রামিসাকে খুঁজতে গিয়ে তার বাবা-মা দরজা ভেঙে ঢুকে শিশুটির খণ্ডিত মরদেহ দেখতে পান। স্বপ্নাকে ঘটনাস্থলেই আটক করা হয়, পরে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় স্বামী সোহেল রানাকে।
গ্রেপ্তারের পর সোহেল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেয়। চার্জশিট দাখিলের পর মাত্র কয়েক দিনের মধ্যে বিচার শেষ হয়েছে। মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
মতামত দিন