গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ টাকা।
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ভিড়ে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হয়েছে ৪০ হাজার ৫৮০টি যানবাহন। এতে টোল উঠেছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গের দিকে গেছে ১৫ হাজার ৪৪৮টি গাড়ি, টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। আর ঢাকামুখী ২৫ হাজার ১৩২টি গাড়ি থেকে এসেছে ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা।
নির্বাহী প্রকৌশলী জানান, সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু আছে, মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথও রয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে চালু হওয়ার পর থেকে এই সেতুতে টোল আদায় হয়ে আসছে। ২০২৪ সালের শেষ দিক থেকে চায়না রোড ব্রিজ কর্পোরেশন এই দায়িত্ব পালন করছে।

মতামত দিন