জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীর দুটি এলাকায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ ৬।

নিজেস্ব প্রতিবেদক:

শনিবার ভোর থেকে সকালের মধ্যে রাজধানীর দুটি এলাকায় আলাদাভাবে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। উত্তরখান ও মিরপুরের পাইকপাড়ায় এই দুটি দুর্ঘটনায় মোট ছয়জন দগ্ধ হয়েছেন।

সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের তিনজন — আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা ও মেয়ে আঁখি দগ্ধ হন। চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরের শতভাগ, হাসনাহেনার ৬০ শতাংশ এবং আঁখির ১৫ শতাংশ পুড়েছে। তিনজনকেই আইসিইউতে রাখা হয়েছে। আলী হোসেনের ছেলে রাতুল হাসান তুষার জানান, বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে ভোরে মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজের কাছে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)। তাদের যথাক্রমে ১৫, ২৪ ও ১০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুটি ঘটনাতেই গ্যাস লিকেজকে প্রাথমিক কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।

মতামত দিন