পুলিশের পাঁচ ডিআইজির পদোন্নতি, হলেন অতিরিক্ত আইজিপি।
পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস পুলিশ ক্যাডারের পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদে উন্নীত করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
সরকারি তথ্য অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মুশফেকুর রহমান ও মোশাররফ হোছাইন ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। অন্যদিকে মনিরুজ্জামান, ফারুক আহমেদ ও রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস ব্যাচের সদস্য।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির ফলে তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-২ মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন