আরও ২ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।
দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং রিজার্ভ শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ নিলামে দুইটি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন। তিনি জানান, নিলামে প্রতি ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসের শুরু থেকেই বাজার থেকে ধারাবাহিকভাবে ডলার সংগ্রহ করা হচ্ছে। সর্বশেষ কেনাকাটাসহ চলতি মাসে মোট ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে।
বিদেশি মুদ্রার সরবরাহ ও বাজার পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক সময়ে সময়েই নিলামের মাধ্যমে ডলার কেনাবেচা করে থাকে। চলতি ২০২৫-২৬ অর্থবছরেও একই কৌশল অব্যাহত রয়েছে।
পরিসংখ্যান বলছে, অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধাপে বাজার থেকে মোট ৬৪১ কোটি ৬৫ লাখ ডলার বা প্রায় ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ার ফলে বাজারে ডলারের সরবরাহ কিছুটা স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভে ডলার যোগ করছে।

মতামত দিন