প্রধানমন্ত্রীর ‘রেড ফোন’ লাইনের তার চুরি, সচিবালয়ের কর্মীসহ আটক ২।
সচিবালয়ের গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থার তার চুরির ঘটনায় তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের চুরি যাওয়া তামার তার।
বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, ঘটনাটির তদন্ত করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ সূত্র পায় সিটিটিসি। পরে সেই সূত্র ধরে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির বিষয়ে তথ্য দেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তামার তার সরিয়ে নেওয়া হয়। পরে সেগুলো রাজধানীর একটি ভাঙারির দোকানে বিক্রি করা হয়। রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে একুশে হলসংলগ্ন এলাকা থেকে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেখানো একটি গুদামে অভিযান চালিয়ে হোসনি দালান এলাকার একটি ভাঙারি গুদাম থেকে প্রায় আট কেজি তামার তার উদ্ধার করা হয়। তদন্তকারীরা বলছেন, এগুলোই প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ টেলিফোন সংযোগ থেকে চুরি হওয়া তার।
ঘটনাটি সামনে আসে সম্প্রতি, যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিটিসিএলের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা করা হলে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপি কমিশনার বলেন, এটি সাধারণ চুরির ঘটনা বলে মনে হলেও তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে।
এই চক্রের অন্য সদস্য এবং মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন