আবহাওয়া
ছবি: সংগৃহীত

১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, তাপপ্রবাহের সঙ্গে বাড়ছে ভ্যাপসা গরম।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বাড়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির প্রবণতাও অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত দেশের ১২টি অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে কয়েকটি বিভাগ ও জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরভিত্তিক সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সকাল পর্যন্ত দেশের আবহাওয়ার চিত্রে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সব এলাকায় তা সমানভাবে হবে না। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। আবহাওয়াবিদদের মতে, আপাতত এই পরিস্থিতির বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

তাপমাত্রার দিক থেকে উত্তর-পূর্বাঞ্চলে দিনের বেলায় সামান্য কমতি দেখা যেতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। রাতের তাপমাত্রাতেও উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনেক জায়গায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে, যদিও কোথাও কোথাও বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি মিলতে পারে।

মতামত দিন