আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মমতার মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা।

নিজেস্ব প্রতিবেদক:

কলকাতায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এক বক্তব্য। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে করা মন্তব্যের জেরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অজামিনযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এ অভিযোগ করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছেন। একইসঙ্গে বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তার বক্তব্য ভারতের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারীর দাবি, এসব মন্তব্য শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক নয়, বরং প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণেই ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৫৩, ১৫৩(এ)সহ একাধিক ধারায় মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনজীবী রিংকু চ্যাটার্জি জানান, আদালত খুললে তিনি বিষয়টি নিয়ে আরও আইনি পদক্ষেপ নেবেন এবং প্রয়োজন হলে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনও করবেন।

উল্লেখ্য, মঙ্গলবার এক রাজনৈতিক সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িত কয়েকজনকে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল। তবে পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান বলে তিনি দাবি করেন।

একই বক্তব্যে মমতা ইঙ্গিত দেন, ঘটনার পেছনে আরও গুরুত্বপূর্ণ তথ্য তার জানা আছে। তবে তা প্রকাশ করলে বাংলাদেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তার এই বক্তব্য ঘিরেই নতুন রাজনৈতিক ও আইনি বিতর্কের সূচনা হয়েছে।

মতামত দিন