এসি বন্ধ ছিল, তাই মরল ৬ শিশু — আদ-দ্বীনকে কারণ দর্শানোর নোটিশ।
বদ্ধ ঘরে দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় অক্সিজেন কমে গিয়ে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে — মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টে এমনটাই উঠে এসেছে। এই প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ জুন) সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বলেন, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় বায়ু চলাচল বন্ধ হয়ে যায় এবং শিশুদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তদন্তে চিকিৎসকের অনুপস্থিতি, নার্সদের গাফিলতি এবং নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখার ক্ষেত্রে চরম অবহেলার প্রমাণ মিলেছে।
পহেলা জুনের এই মর্মান্তিক ঘটনার পর তদন্তে গঠিত তিন সদস্যের কমিটি বুধবার (৩ জুন) মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয়। রিপোর্টে হাসপাতালের ভবনটিকেও চিকিৎসাসেবার জন্য অনুপযুক্ত বলা হয়েছে।
মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় এমন শাস্তি দেওয়া হবে যাতে দেশের প্রতিটি হাসপাতাল সতর্ক হয়ে যায়। রোববারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

মতামত দিন