বিশ্বকাপে নিজেদের পানির বোতল নিষিদ্ধ, পানি কিনতে হবে স্টেডিয়াম থেকেই।
২০২৬ ফুটবল বিশ্বকাপে দর্শকরা আর নিজেদের পানির বোতল নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। গত ২ জুন আচরণবিধি সংশোধন করে পুনঃব্যবহারযোগ্য বোতল নিয়ে প্রবেশের আগের অনুমতি বাতিল করেছে ফিফা।
এতদিন এক লিটার পর্যন্ত খালি ও স্বচ্ছ বোতল আনার সুযোগ ছিল। নতুন নিয়মে সেটি সম্পূর্ণ বন্ধ। ফিফা বলছে, নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। টিকিটধারীদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
তবে সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। নিজের বোতল না আনতে পারলে স্টেডিয়ামের ডিসপেনসার থেকে পানি নেওয়াও সম্ভব হবে না। ফলে পানি কিনতে হবে স্টেডিয়াম থেকেই। গত বছর ক্লাব বিশ্বকাপে এক বোতল পানির দাম ছিল ৪ থেকে ৬ ডলার। এবার দাম এখনো ঠিক হয়নি, তবে ফিফার দীর্ঘদিনের সহযোগী কোকা-কোলার 'দাসানি' ব্র্যান্ডের পানি বিক্রির সম্ভাবনা রয়েছে।
নিরাপত্তা নাকি বাণিজ্যিক স্বার্থ — ফিফার এই সিদ্ধান্তের পেছনে আসলে কোনটি বড়, সেই প্রশ্ন এখন জোরালো হচ্ছে।
মতামত দিন