ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে তেলের বাজারে স্বস্তি,দাম কমল জ্বালানি তেলের।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নামতে শুরু করেছে। বুধবার রাতে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার (৪ জুন) সকালে ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৮৭ সেন্ট কমে ৯৬.৯২ ডলারে এবং ডব্লিউটিআই ৭৮ সেন্ট কমে ৯৫.২৪ ডলারে নেমে এসেছে।
যুদ্ধবিরতির ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার আশা জেগেছে। ইরান শুরু থেকেই যেকোনো স্থায়ী চুক্তির জন্য লেবানন যুদ্ধ বন্ধের শর্ত দিয়ে আসছিল। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতেই আলোচনায় বড় অগ্রগতি হতে পারে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, দুই পক্ষ খসড়া প্রস্তাব পর্যালোচনা করছে।
এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে একটি প্রস্তাব পাস করেছে। তবে এটি কার্যকর করতে সিনেটের অনুমোদন এবং দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার হবে।
মজুত পরিস্থিতিতেও উদ্বেগ বাড়ছে। গত ২৯ মে শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৮০ লাখ ব্যারেল কমেছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের দ্বিগুণ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করে বলেছে, গ্রীষ্মের চাহিদার মৌসুমে মজুত ঝুঁকিপূর্ণ স্তরে নামতে পারে। ডাচ ব্যাংক আইএনজির পূর্বাভাস, হরমুজ প্রণালী আবার চালু হলেও বাজার স্বাভাবিক হতে সময় লাগবে এবং তৃতীয় প্রান্তিকে দাম আবার বাড়ার ঝুঁকি থাকছে।
সূত্র: রয়টার্স

মতামত দিন