রামিসা হত্যা মামলায় ঘাতক দম্পতির মৃত্যুদণ্ড চাইলেন রাষ্ট্রপক্ষ।
মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বৃহস্পতিবার (৪ জুন) আদালতে যুক্তিতর্ক শেষে এই দাবি জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুল রহমান দুলু।
তিনি বলেন, সাক্ষীদের জবানবন্দি, জব্দ আলামত ও অন্যান্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
শুনানিতে আদালতে পড়ে শোনানো হয় সোহেলের ১৬৪ ধারার জবানবন্দি। তাতে সে স্বীকার করে, প্রতিবেশী শিশু রামিসাকে ডেকে বাথরুমে নিয়ে ধর্ষণ করে এবং চিৎকার করলে মুখ চেপে ধরে। পরে অজ্ঞান অবস্থায় তাকে মৃত ভেবে লাশ গুম করতে ছুরি দিয়ে মাথা কেটে ফেলে। শিশুর মায়ের ডাকাডাকিতে ভয় পেয়ে গ্রিল কেটে পালিয়ে যায় সে।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সোহেল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রামিসার পরিবার, প্রতিবেশী ও তদন্ত কর্মকর্তাসহ ১৬ জন আদালতে সাক্ষ্য দেন। এখন আসামিপক্ষের শুনানি চলছে।
মতামত দিন