আবহাওয়া
ছবি: সংগৃহীত

৪০ জেলায় তাপপ্রবাহ, বৃহস্পতিবার থেকে বৃষ্টির আশা।

নিজেস্ব প্রতিবেদক:

জুনের শুরুতেই পুরো দেশ যেন তাওয়ার ওপর। ঢাকাসহ অন্তত ৪০টি জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।

রোদ আর তপ্ত বাতাসে রাস্তাঘাটে বের হওয়া দায় হয়ে পড়েছে মানুষের।

বুধবার (৩ জুন) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে জলীয় বাষ্পের কারণে গরম অনুভূত হচ্ছে প্রায় ৪০ ডিগ্রির মতো।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এল নিনোর প্রভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকছে। তবে বৃহস্পতিবার থেকে সারাদেশে বৃষ্টি বাড়তে পারে। উপকূলীয় এলাকায় তখন তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

পর্যাপ্ত বৃষ্টি হলে এই দাবদাহ কেটে গিয়ে জনজীবনে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মতামত দিন