জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদের জামা কিনেই ফিরছিল পরিবার, ট্রেন কেড়ে নিল মা-ছেলের জীবন।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদের আনন্দের বদলে মুহূর্তেই নেমে এলো শোক। সন্তানদের নতুন জামা কিনে বাড়ি ফেরার পথে নরসিংদী রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মা ও তার ছোট্ট ছেলে।

বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত হন শিবপুর উপজেলার কারারচর এলাকার সাথী বেগম ও তার ১৮ মাস বয়সী ছেলে সাফওয়ান হাসেন। পরিবারের স্বজনরা জানিয়েছেন, ঈদ সামনে রেখে দুই সন্তানকে নিয়ে শহরে কেনাকাটা করতে গিয়েছিলেন তারা।

দিনমজুর সুজন মিয়া কখনো ইজিবাইক চালিয়ে, আবার কখনো রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সংসার চালান। সীমিত আয়ের মধ্যেও সন্তানদের মুখে হাসি ফোটাতে ঈদের জামা কিনতে শহরে যান তিনি। কিন্তু ফেরার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলস্টেশনের প্ল্যাটফর্ম পার হওয়ার সময় একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই কক্সবাজার থেকে ঢাকাগামী দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস স্টেশন অতিক্রম করে। রেললাইনের ওপর থাকা অবস্থায় মা-ছেলেকে সজোরে ধাক্কা দেয় ট্রেনটি।

ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সাথী বেগম ও তার শিশু সন্তান। পরে তাদের নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।

স্বজনদের সামনে কান্নায় ভেঙে পড়েন সুজন মিয়া। তিনি বলেন, চোখের সামনে স্ত্রী আর সন্তানকে হারিয়েছেন তিনি। ট্রেন আসতে দেখে চিৎকার করেও তাদের সরাতে পারেননি।

একই ঘটনায় অল্পের জন্য বেঁচে যায় পরিবারের ৯ বছরের মেয়ে সামিয়া। সে বাবা-মায়ের সঙ্গেই ছিল, তবে কাকতালীয়ভাবে দুর্ঘটনার বাইরে থেকে যায়।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ঠিক আগমুহূর্তে এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মতামত দিন