জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি আর বৃষ্টিতে কমেছে বিদ্যুতের চাপ।

নিজেস্ব প্রতিবেদক:

টানা বৃষ্টি আর ঈদুল আজহার ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানীসহ দেশের শিল্পাঞ্চলগুলো। কারখানা, অফিস-আদালত বন্ধ থাকায় হঠাৎ করেই কমে গেছে বিদ্যুতের ব্যবহার।

এতে বুধবার জাতীয় গ্রিডে স্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য বলছে, সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রাহকদের যতটুকু বিদ্যুৎ প্রয়োজন হয়েছে, পুরোটা সরবরাহ করা গেছে। ফলে দিনের ওই সময় পর্যন্ত কোথাও লোডশেডিং করতে হয়নি।

সকালে বিদ্যুতের চাহিদা নেমে আসে প্রায় সাড়ে ৫ হাজার মেগাওয়াটে। সকাল ৯টায় জাতীয় গ্রিডে চাহিদা ছিল ৫ হাজার ৫২১ মেগাওয়াট। এক ঘণ্টা পর তা বেড়ে ৫ হাজার ৭৭৭ মেগাওয়াটে পৌঁছায়। পরে সকাল ১১টায় চাহিদা ছাড়ায় ৬ হাজার মেগাওয়াট।

দুপুর ১২টায় দিনের সর্বোচ্চ চাহিদা রেকর্ড করা হয় ৬ হাজার ৩৭২ মেগাওয়াট। একই সময়ে সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করায় গ্রিডে কোনো ঘাটতি তৈরি হয়নি।

জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত গরমের সময় শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার বেড়ে যায়। তবে ঈদের ছুটিতে উৎপাদন কার্যক্রম কমে যাওয়ার পাশাপাশি বৃষ্টির কারণে তাপমাত্রাও নেমে এসেছে। এতে আবাসিক এলাকাতেও বিদ্যুতের ব্যবহার কমেছে।

তাদের ধারণা, ঈদের ছুটি শেষ হয়ে শিল্পকারখানা চালু হলে আবারও বিদ্যুতের চাহিদা বাড়তে পারে।

মতামত দিন