জাতীয়
ছবি: সংগৃহীত

আজ বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহার আবহে এবার কিছুটা ভিন্ন পরিবেশে পালিত হচ্ছে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। ২৮ মে দিবসটি হলেও ঈদের ছুটির কারণে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্মসূচি পরে আয়োজন করা হবে বলে জানা গেছে।

মাতৃস্বাস্থ্য সুরক্ষা, প্রসূতি মায়ের ঝুঁকি কমানো এবং নবজাতকের নিরাপদ জন্ম নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিবছর এই দিবস পালন করা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একজন নারীর গর্ভধারণের শুরু থেকে সন্তান জন্মদান পর্যন্ত নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে মা ও গর্ভের শিশুর নানা জটিলতা আগেভাগেই শনাক্ত করা সম্ভব হয়।

গর্ভকালীন সেবার মূল উদ্দেশ্য শুধু নিরাপদ প্রসব নয়, একই সঙ্গে মা ও নবজাতককে সুস্থ রাখা। চিকিৎসকদের মতে, সময়মতো স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার এবং প্রয়োজনীয় পরামর্শ নিশ্চিত করা গেলে মাতৃমৃত্যুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

বাংলাদেশে ১৯৯৭ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। পরে ২০১৫ সালে নিরাপদ মাতৃত্বের বিষয়টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আওতায় গুরুত্ব পায়। এরপর থেকে সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান যৌথভাবে মাতৃস্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে।

সংশ্লিষ্টদের দাবি, সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার বিস্তারের কারণে দেশে মাতৃমৃত্যুর হার আগের তুলনায় কমেছে। তবে এখনো গ্রামীণ ও দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃত্বসেবা পৌঁছে দেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা।

মতামত দিন