যুদ্ধবিরতির মাঝেই ইরানে ফের মার্কিন হামলা, বাড়ছে হরমুজ সংকট।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেই ইরানে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।
রয়টার্সের বরাতে জানা গেছে, বুধবার স্থানীয় সময় পরিচালিত এই অভিযানে কয়েকটি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। তবে হামলার সুনির্দিষ্ট স্থান বা কোন স্থাপনা লক্ষ্য করা হয়েছে, সে বিষয়ে প্রকাশ্যে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।
গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার পর থেকেই পুরো অঞ্চল অস্থির হয়ে আছে। সংঘাত দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামও ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নতুন হামলার ঠিক আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে দাবি করা হয়, ভবিষ্যৎ শান্তিচুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালীর নৌ চলাচল তদারকি করতে পারে। তবে সেই খবর প্রকাশ্যে আসতেই তা নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে বলেন, হরমুজ প্রণালী খোলা থাকবে।
এর আগে সোমবারও ইরানের বিরুদ্ধে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। তখন মার্কিন সামরিক বাহিনীর অভিযোগ ছিল, কিছু ইরানি নৌযান সমুদ্রে মাইন স্থাপনের প্রস্তুতি নিচ্ছিল এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সক্রিয় করা হচ্ছিল। এসবকে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাদের বাহিনীর জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে।
অন্যদিকে, তেহরানের দাবি—এই ধরনের হামলা চলমান যুদ্ধবিরতির পরিপন্থী এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের আশঙ্কা, সামরিক উত্তেজনা এভাবে বাড়তে থাকলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।
মতামত দিন