‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বিরল মহিষ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়।
দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আর কোরবানি করা হচ্ছে না। সরকারের সিদ্ধান্তে প্রাণীটিকে সংরক্ষণের জন্য নেওয়া হচ্ছে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায়।
বুধবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে পুলিশি সহায়তায় মহিষটিকে উদ্ধার করা হয়। পরে সেটিকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কেরানীগঞ্জ মডেল থানা।
অস্বাভাবিক গোলাপি ত্বক, সোনালি লোম এবং ব্যতিক্রমী গড়নের কারণে মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। খামার মালিকের পরিবারের সদস্যরা মজা করে এর নাম দেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সেই নামেই দেশ-বিদেশে পরিচিতি পায় প্রাণীটি।
নারায়ণগঞ্জের ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’ থেকে প্রায় ৬৮০ কেজি ওজনের এই মহিষ কিনেছিলেন কেরানীগঞ্জের বাসিন্দা মনিরুজ্জামান। ঈদের আগে রাজকীয় আয়োজনে প্রাণীটিকে নিয়ে যাওয়ার ভিডিও ও ছবি ভাইরাল হলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ব্রিটিশ গণমাধ্যমসহ বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থা এটিকে নিয়ে বিশেষ ফিচার করে।
এরপরই সরকারের উচ্চপর্যায় থেকে মহিষটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ব্যক্তিগত উদ্যোগে প্রাণীটি কিনে নিয়েছেন। একই সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যিনি মহিষটি কিনেছিলেন তাকে আর্থিক মূল্য পরিশোধ অথবা বিকল্প কোরবানির পশু দেওয়ার ব্যবস্থা করা হবে।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান বলেন, প্রাণীটির জন্য আলাদা শেড প্রস্তুত করা হয়েছে। তবে চিড়িয়াখানায় নেওয়ার পর প্রথম দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রাখা হবে, যাতে স্বাস্থ্যঝুঁকি এড়ানো যায়।
বিশেষজ্ঞদের ভাষ্য, ‘অ্যালবিনো’ বৈশিষ্ট্যের কারণে মহিষটির শরীরে মেলানিনের পরিমাণ কম। ফলে এর ত্বক ও লোমে এমন অস্বাভাবিক রং দেখা গেছে। এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল—প্রায় ১০ হাজার মহিষে একটি এমন বৈশিষ্ট্য দেখা যেতে পারে।
মতামত দিন