জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী।
পবিত্র ঈদুল আজহার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদের জামাত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট সংলগ্ন ঈদগাহে জামাত শুরু হলে সেখানে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদের এই কেন্দ্রীয় জামাতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
জামাতে ইমামতি করেন মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে খুতবা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাত ঘিরে এবার জাতীয় ঈদগাহে নেওয়া হয় বাড়তি প্রস্তুতি। মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা, চিকিৎসাসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। নারী মুসল্লিদের জন্য ছিল আলাদা প্রবেশপথ ও নির্ধারিত নামাজের স্থান।
আয়োজক সূত্র জানায়, প্রায় ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যে সাড়ে তিন হাজারের বেশি নারী মুসল্লির জন্য পৃথক সুবিধা রাখা হয়। পাশাপাশি ভিআইপি অতিথিদের জন্যও বিশেষ ব্যবস্থাপনা ছিল।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পুরো ঈদগাহ ময়দান সাজানো হয়। ঈদের প্রধান জামাতকে ঘিরে সকাল থেকেই এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ ও কড়া নিরাপত্তা।
মতামত দিন