ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

চামড়া ব্যবসায় নামার আগে সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদুল আজহা এলেই বাড়তি লাভের আশায় কোরবানির পশুর চামড়া কেনাবেচায় ঝুঁকে পড়েন বহু মৌসুমী ব্যবসায়ী। তবে বাজার পরিস্থিতি, সংরক্ষণ পদ্ধতি ও প্রকৃত দর সম্পর্কে পরিষ্কার ধারণা ছাড়া এ ব্যবসায় নামলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন খাতসংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে এক কোটিরও বেশি পশু কোরবানি হতে পারে। এসব পশুর চামড়া সংগ্রহকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে ট্যানারি খাত। ট্যানারি মালিকরা প্রায় ৭৫ থেকে ৮০ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছেন। রাজধানী ঢাকায় কোরবানির পশুর মোট চামড়ার বড় একটি অংশ সরাসরি সংগ্রহের পরিকল্পনাও রয়েছে তাদের।

এদিকে সরকার এবার লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করেছে। এছাড়া খাসির চামড়ার দাম ২৫ থেকে ৩০ টাকা ও বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, চামড়ার আকার বড় বা ছোট—সেটা নয়, মূল হিসাব হবে বর্গফুট অনুযায়ী। তাই বাজার সম্পর্কে না জেনে বেশি দামে কিনলে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকবে।

তিনি আরও বলেন, চামড়া সংগ্রহের পর দেরি না করে দ্রুত লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। দীর্ঘ সময় ফেলে রাখলে চামড়ার মান কমে যায়, ফলে বাজারদরও পড়ে যায়।

একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাখাওয়াত উল্লাহ। তার ভাষ্য, অনেকে বেশি দামের আশায় চামড়া ধরে রাখেন, কিন্তু এতে উল্টো ক্ষতি হয়। সন্ধ্যার মধ্যেই বিক্রি করতে পারলে ভালো দাম মেলার সম্ভাবনা বেশি থাকে। রাত বাড়লে মান ও দর—দুটোই কমতে থাকে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, এবার চামড়া শিল্পে নগদ অর্থের সংকটও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্যানারিগুলোর বকেয়া পরিশোধ, ঋণচাপ ও বাজার অস্থিরতার কারণে পুরো খাতেই চাপ তৈরি হয়েছে। এমন বাস্তবতায় মৌসুমী ব্যবসায়ীদের জন্য পরিকল্পনা ছাড়া চামড়া ব্যবসায় নামা ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, কোরবানির চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন, সেজন্য সরকার নজরদারি বাড়িয়েছে। প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপও করা হবে বলে জানান তিনি।

মতামত দিন