ত্যাগের উৎসবে মেতেছে দেশ, আজ পবিত্র ঈদুল আজহা।
আজ কোরবানির ঈদ। হযরত ইবরাহিম (আ.)-এর অতুলনীয় ত্যাগের স্মৃতি বুকে নিয়ে প্রতি বছরের মতো এবারও জিলহজের ১০ তারিখে সারাদেশে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব।
সকালে ঈদগাহ ও মসজিদে জামাতে শরিক হবেন ধর্মপ্রাণ মুসলমানরা। কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বেন ধনী-গরিব সবাই। খুতবায় উঠে আসবে কোরবানির আধ্যাত্মিক তাৎপর্য। নামাজ শেষে সামর্থ্যবানরা পশু কোরবানি দেবেন মহান আল্লাহর সন্তুষ্টির আশায়।
রাজধানীর জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় আয়োজিত এই জামাতে থাকবেন কূটনীতিক ও রাজনৈতিক নেতারাও। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
সরকারি ভবনে আলোকসজ্জা, টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান এবং হাসপাতাল-কারাগার-এতিমখানায় বিশেষ খাবারের আয়োজনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের টানা ছুটিতে কর্মজীবী মানুষেরও মিলেছে একটু দীর্ঘ বিশ্রামের সুযোগ।
মতামত দিন