জাতীয়
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে এনআইসিইউতে আরও ৫ শিশু চিকিৎসাধীন।

নিজেস্ব প্রতিবেদক:

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে একের পর এক সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ছয় নবজাতকের মৃত্যুর পর সেখানে আরও কয়েকজন শিশু চিকিৎসাধীন থাকায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বুধবার (২৭ মে) হাসপাতাল পরিদর্শন শেষে জানান, বর্তমানে এনআইসিইউতে পাঁচজন শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থার বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

একই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক। কারও কারও শরীর নীল হয়ে যাওয়ার মতো জটিল উপসর্গও দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

ঘটনার ভিন্ন দিক নিয়ে আলোচনা শুরু হয়েছে হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়েও। এনআইসিইউতে থাকা শিশুদের তথ্য, প্রবেশ-প্রস্থান রেকর্ড এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পুরো ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত জরুরি। তিনি হাসপাতালের নিরাপত্তা, ভবন নির্মাণ মান, সিসিটিভি ফুটেজ এবং রোগী ব্যবস্থাপনা প্রক্রিয়া খতিয়ে দেখার আহ্বান জানান।

এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় এলাকায় চরম শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিবারগুলো সঠিক কারণ জানার অপেক্ষায় রয়েছে।

সব মিলিয়ে ঘটনাটি এখন স্বাস্থ্যখাতের ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত পরিস্থিতি আরও স্পর্শকাতর থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মতামত দিন