জাতীয়
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প,ফিরছে খামারে।

নিজেস্ব প্রতিবেদক:

কোরবানির ঈদকে সামনে রেখে আলোচনার কেন্দ্রে থাকা বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও আগের খামারে ফিরে যাচ্ছে। দাম পরিশোধের মাধ্যমে ক্রেতার সঙ্গে সমঝোতা করে প্রাণীটিকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে থাকা এই মহিষটি কেরানীগঞ্জের এক ক্রেতা কিনেছিলেন। তবে শেষ পর্যন্ত সেটি আবারও খামারে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি যমুনা টেলিভিশনকে জানান, পরিস্থিতিতে বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি হওয়ায় মূল্য ফেরত দিয়ে মহিষটি আগের খামারে রেখে দেওয়া হয়েছে। আপাতত সেটি সেখানেই থাকবে।

৭০০ কেজি ওজনের এই মহিষটি শুরু থেকেই আলোচনায় ছিল এর অস্বাভাবিক চেহারা ও অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে। স্থানীয়রা এর মুখাবয়ব ও চুলের গঠনকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলিয়ে নাম দেন ‘ট্রাম্প’।

নামটি ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রাণীটি। দেখতে ভিড় জমাতে শুরু করেন আশপাশের মানুষ থেকে শুরু করে দূরদূরান্তের দর্শনার্থীরাও। শিশু-কিশোর, তরুণ এমনকি নারীরাও ভিড় করেন খামারে।

প্রায় ৫৫০ টাকা কেজি দরে এটি বিক্রি হয়েছিল বলে জানা যায়। তবে ক্রয়-বিক্রয়ের পর পরিস্থিতি ও জনসমাগম নিয়ে তৈরি হয় নানা জটিলতা।

পরবর্তীতে সমঝোতার মাধ্যমে দাম ফেরত দিয়ে মহিষটিকে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে ঘটনাটি নিয়ে আবারও আলোচনায় এসেছে বিরল এই প্রাণীটি, যা স্থানীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছিল। ভবিষ্যতে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আরও সতর্কতা প্রয়োজন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন