ঈদের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস।
দেশের বিভিন্ন অঞ্চলে ঈদুল আজহাকে সামনে রেখে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোথাও ভারী, কোথাও হালকা বৃষ্টিতে জনজীবনে কিছুটা ভোগান্তি তৈরি হলেও তীব্র গরম থেকে স্বস্তিও মিলছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের একটি বর্ধিত অংশ সক্রিয় রয়েছে। এই পরিস্থিতির কারণে ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
অঞ্চলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি। পাশাপাশি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা পরিস্থিতিতে বলা হয়েছে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও হতে পারে। তবে রাতে তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সীতাকুণ্ডে ১০৩ মিলিমিটার, ফেনীতে ৭৮ মিলিমিটার, চট্টগ্রামে ৫৮ মিলিমিটার, ঢাকায় ৪২ মিলিমিটার, গোপালগঞ্জে ৩৮ মিলিমিটার এবং ফরিদপুরে ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
তাপমাত্রার হিসাবে খুলনা ও মোংলায় সর্বোচ্চ গরম রেকর্ড করা হয়েছে, যথাক্রমে ৩৫.৬ ডিগ্রি ও ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঈদের পর ২৯ থেকে ৩১ মে পর্যন্ত দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
মতামত দিন