গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু।
দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১৮ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২৭ মে) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
তবে এই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৬০ জন শিশুর। এর মধ্যে ৪৭২ জন উপসর্গজনিত কারণে এবং ৮৮ জন ল্যাব নিশ্চিত হামে মারা গেছে।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় ৬২ জন শিশুর হামে সংক্রমণ নিশ্চিত হয়েছে। আর উপসর্গ নিয়ে নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬ জনে।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৩৩ জন শিশু ভর্তি হয়েছে এবং ১ হাজার ১০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৯ জনে। এর মধ্যে ৮ হাজার ৮৩৪ জনের সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে ৫৩ হাজারের বেশি শিশু চিকিৎসা নিয়েছে, যাদের বড় একটি অংশ ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

মতামত দিন