আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানকে আপসের আহ্বান চীনের।

নিজেস্ব প্রতিবেদক:

চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার ওপর জোর দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানকে কিছুটা আপসের পথে যেতে হবে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বুধবার জানায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

ওয়াং ই বলেন, বর্তমান পরিস্থিতি দ্রুত অবনতি ঠেকাতে হলে আলোচনার পথ খোলা রাখতে হবে। তার মতে, কূটনৈতিক উদ্যোগই এখন সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে।

এদিকে একই বৈঠকে ইরান অভিযোগ তোলে যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং নতুন করে সামরিক হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করছে। এর জবাবে তেহরান পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং সমুদ্রপথেও কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে—যা উত্তেজনা আরও বাড়িয়েছে।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াং ই জানান, চীন পরিস্থিতি শান্ত রাখতে সক্রিয়ভাবে কাজ করছে এবং বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

তিনি পাকিস্তানসহ কয়েকটি দেশের মধ্যস্থতার উদ্যোগকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

সব পক্ষকে সংযম দেখিয়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক ছাড়ের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা সম্ভব।

সূত্র: বাসস

মতামত দিন