ডিএমপির ৪–৬ স্তরের নিরাপত্তা বলয়, ঈদে মাঠে ১৫ হাজার পুলিশ মোতায়েন।
ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। তার মতে, জাতীয় ঈদগাহসহ মহানগরীর প্রায় এক হাজার ঈদ জামাতকে ঘিরে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ঈদের দিন রাজধানীতে মোট ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। শুধু জাতীয় ঈদগাহেই নয়, বায়তুল মোকাররমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জামাতস্থলেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
তিনি জানান, ঈদ উপলক্ষে লাখো মুসল্লির সমাগম এবং একই সময়ে বিপুল মানুষ ঢাকা ছাড়ার কারণে অনেক এলাকা ফাঁকা হয়ে যায়। এই পরিস্থিতিকে সামনে রেখে প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।
জাতীয় ঈদগাহকে ঘিরে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, সিসিটিভি নজরদারি, কন্ট্রোল রুম এবং ড্রোন পর্যবেক্ষণসহ নানা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিট স্ট্যান্ডবাই অবস্থায় থাকবে।
নারী মুসল্লিদের জন্য আলাদা প্রবেশপথ ও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, ঈদগাহ এলাকায় প্রবেশের জন্য নির্ধারিত গেট ব্যবহার করতে হবে এবং নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি জানান, জাতীয় ঈদগাহসহ সব ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলো সমন্বিতভাবে কাজ করবে এবং কোনো জামাতই নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না।
মতামত দিন