ঈদের আগ মুহূর্তে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩১।
ঈদুল আজহার আগের রাতে দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।
স্থানীয় সূত্রে বলা হয়, হামলাগুলো বুরজ আল-শামালি, কাওথারিয়েত এল রিজ, হাব্বুশ, মারাকেহ ও সেলা শহরকে লক্ষ্য করে চালানো হয়। সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে বুরজ আল-শামালিতে, যেখানে একক হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, পূর্ব লেবাননের কারাউন বাঁধের কাছেও একাধিক বিমান হামলা চালানো হয়েছে। এই অঞ্চলটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পানির জলাধারের নিকটবর্তী।
এদিকে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা যায়। অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলি অবস্থানে ড্রোন হামলার দাবি করা হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, টানা সংঘাতে লেবাননে হাজারো মানুষের প্রাণহানি ও ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি এবং সীমিত আকারে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
মতামত দিন