জাতীয়
ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তি, বিচারপতি, কূটনীতিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন বলে জানানো হয়েছে।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, ঈদ জামাতকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অজু ও বসার ব্যবস্থাসহ পুরো আয়োজন আধুনিক ও সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মোট ১২১টি কাতারের ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে পুরুষ ও নারীদের জন্য পৃথক কাতার নির্ধারণ করা হয়েছে।

নিরাপত্তা ও ব্যবস্থাপনার অংশ হিসেবে ভিআইপি, সাধারণ পুরুষ এবং নারী মুসল্লিদের জন্য আলাদা প্রবেশ ও বহির্গমন ফটক রাখা হয়েছে। এছাড়া অজুখানা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, আলোকসজ্জা ও বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করা হয়েছে।

মুসল্লিদের জন্য আলাদা নারী ও পুরুষ অংশ, ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে। পুরো ঈদগাহ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে লক্ষ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মতামত দিন