পঞ্চগড়ে মহাসড়ক দখলমুক্তে অভিযান, তিন প্রতিষ্ঠানের জরিমানা।
পঞ্চগড়ে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৭ মে) দুপুরে নগরকুমারী হাট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো সময় সেখানে উপস্থিত থেকে সহযোগিতা করেন।
অভিযানে মহাসড়কের জায়গা ব্যবহার করে গড়ে ওঠা কয়েকটি দোকান ও স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটার বিষয়টি ধরা পড়ে। এ পরিস্থিতিতে ‘মুনস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা, ‘আলমগীর স্টোর’কে ৩ হাজার টাকা এবং ‘তইবুল চা স্টোর’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একই সঙ্গে মহাসড়কের ওপর থাকা বিভিন্ন ব্যবসায়িক সামগ্রী দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সড়কে বাস, সিএনজি ও ইজিবাইক এলোমেলোভাবে পার্কিং না করার জন্য চালক ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনদুর্ভোগ তৈরি করে সড়ক দখল কোনোভাবেই সহ্য করা হবে না। মহাসড়ক নিরাপদ ও চলাচল উপযোগী রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
মতামত দিন