জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না: রাশেদ খান।
ঝিনাইদহে সংবাদ সম্মেলন করে জামায়াত ও এনসিপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি দাবি করেছেন, জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না।
বুধবার (২৮ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের থানা রোডে নিজের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রাশেদ খানের ভাষ্য, জামায়াত বরাবরই অগণতান্ত্রিক শক্তির সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে। বর্তমানে এনসিপির সঙ্গে মিলে তারা নতুন করে রাজনৈতিক ষড়যন্ত্রে নেমেছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকেও কড়া ভাষায় আক্রমণ করেন বিএনপির এই নেতা। তার অভিযোগ, তরুণদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং রাজনৈতিক অঙ্গনে অশালীন বক্তব্যের সংস্কৃতি তৈরি করা হচ্ছে।
রাশেদ খান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন। তাকে ‘রাজনৈতিক জোকার’ আখ্যা দিয়ে তিনি আরও দাবি করেন, ঝিনাইদহ সফরের সময় এনসিপি নেতা অস্ত্রধারী ক্যাডার সঙ্গে নিয়ে এসেছিলেন। তবে ছাত্রদলের পক্ষ থেকে তার ওপর কোনো হামলা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্যের একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করেন রাশেদ খান। তিনি বলেন, ‘আবার ঝিনাইদহে আসেন, আমি আপনাকে প্রটেকশন দেব।’
এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, বিএনপি নেতা শামছুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত দিন