যমুনা সেতুর পশ্চিম পাড়ে ৭ কিলোমিটারের গাড়ির দীর্ঘ সারি, ঢাকামুখী লেনে চরম ভোগান্তি।
ঈদযাত্রার চাপ বাড়তেই সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম অংশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের ধীরগতি ও দীর্ঘ যানজট তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকাগামী পরিবহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।
বুধবার (২৭ মে) বিকেলের দিকে পরিস্থিতি আরও খারাপ হয়। যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজা থেকে কড্ডার মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় যানবাহনের সারি দেখা যায়।
পুলিশ জানিয়েছে, মূলত সেতুর পূর্ব প্রান্তে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় এর প্রভাব পশ্চিম অংশেও পড়েছে। পূর্বপাড়ে যানবাহনের চাপ নিয়ন্ত্রণে রাখতে ঢাকামুখী লেনগুলো সাময়িকভাবে বন্ধ করে উত্তরবঙ্গগামী যান চলাচল সচল রাখা হচ্ছে।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, পূর্বপাড়ে প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। পরিস্থিতি সামাল দিতে চারটি লেনেই উত্তরাঞ্চলমুখী যানবাহন পারাপার করানো হচ্ছে। এতে পশ্চিম অংশে ঢাকাগামী লেনে চাপ বেড়েছে।
এদিকে সকাল থেকেই টোলপ্লাজা এলাকায় থেমে থেমে যানজট তৈরি হলেও দুপুরের পর থেকে গাড়ির চাপ কয়েকগুণ বাড়ে। এতে ব্যক্তিগত গাড়ি, বাস ও পণ্যবাহী যানবাহনের যাত্রীদের দুর্ভোগ বাড়তে থাকে।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মোফাখখারুল ইসলাম জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
ঈদ সামনে রেখে মহাসড়কে যানবাহনের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন