জাতীয়
ছবি: সংগৃহীত

বগুড়ায় পাংচার হয়ে দাঁড়ানো বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২।

নিজেস্ব প্রতিবেদক:

চাকা পাংচার হয়ে রাস্তার পাশে থেমে ছিল বাসটি। সেই দাঁড়ানো বাসেই রাতের অন্ধকারে পেছন থেকে এসে সজোরে ধাক্কা দিল একটি ট্রাক।

বুধবার (২৭ মে) রাত পৌনে তিনটায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার বউবাজার এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

ধাক্কার তীব্রতায় দুটি গাড়িই রাস্তার পাশের খাদে গিয়ে পড়ে। গুরুতর আহত হন বেশ কয়েকজন। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুজন। ভোর সোয়া চারটায় মারা যান হানিফ পরিবহনের সুপারভাইজার উত্তম মণ্ডল (৩০), নওগাঁর বদলগাছির বাসিন্দা। সকাল সোয়া আটটায় মারা যান ট্রাকের হেলপার হৃদয় (৩০), বগুড়ার আদমদীঘির ছেলে। আহত আরও চারজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

কাহালু থানার তদন্ত কর্মকর্তা মাহবুব জানান, ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সড়কে যানচলাচল এখন স্বাভাবিক।

মতামত দিন