জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় ঢাকায় প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসহ বিভিন্ন স্থানে আলাদা আলাদা সময়সূচিতে জামাতের আয়োজন করা হয়েছে।

প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত স্থানান্তর করে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের আরেকটি গুরুত্বপূর্ণ জামাত বসবে সকাল সাড়ে ৭টায়। এতে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেবেন।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি পৃথক জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায়, এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং সর্বশেষ ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে মহাখালীর গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সেও চারটি জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে—সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে এসব জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মুসল্লিদের সময়মতো উপস্থিত হয়ে ওজুসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ঈদের জামাতে অংশ নিতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ মে (বৃহস্পতিবার)।

মতামত দিন