ঈদযাত্রায় ১৩ দিন সার্বক্ষণিক চালু থাকবে সিএনজি ফিলিং স্টেশন।
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সারাদেশে সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যান বরাবর একটি নির্দেশনামূলক চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগের সাত দিন, ঈদের দিন এবং পরবর্তী পাঁচ দিনসহ মোট ১৩ দিন অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন সার্বক্ষণিক চালু রাখতে হবে।
এ সময় যাতে জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং যানবাহনের চাপ সামাল দেওয়া যায়—সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ঈদ মৌসুমে সাধারণত মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে। তাই যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

মতামত দিন