সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত।
ঢাকা–রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার দিকে সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া ব্রিজের ওপর র্যাব-১২ কার্যালয়ের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি না থেমে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ধাক্কার তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজি চালক সোরমান হোসেন (৩৫) এবং আঙ্গারু গ্রামের কাঠমিস্ত্রি গোবিন্দ সূত্রধর (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো সনাক্তের জন্য রাখা হয় এবং দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন