চিকিৎসাজনিত কারণে হাসপাতালে নেওয়া হলো নেতানিয়াহুকে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে তার দপ্তর। সোমবার (২৫ মে) সন্ধ্যায় তাকে তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
প্রথমে স্থানীয় গণমাধ্যমে তার হাসপাতালে যাওয়ার খবর ছড়িয়ে পড়লেও পরে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, দাঁতের চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
৭৬ বছর বয়সী এই নেতার শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই জনপরিসরে আলোচনা চলছে। বিভিন্ন সময় তার স্বাস্থ্য নিয়ে তথ্য প্রকাশে স্বচ্ছতার ঘাটতি আছে—এমন অভিযোগও উঠেছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, প্রোস্টেট ক্যান্সারজনিত টিউমারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসা শুরু ও শেষ হওয়ার সময় নিয়ে বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।
গত কয়েক বছরে তার একাধিক অস্ত্রোপচার ও চিকিৎসা হয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে পেসমেকার বসানো হয়, ২০২৪ সালের মার্চে হার্নিয়ার অপারেশন এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণ করা হয়।
তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিতর্ক আরও বাড়ে যখন হাসপাতালের প্রাথমিক তথ্য ও পরবর্তী ব্যাখ্যার মধ্যে অসামঞ্জস্য দেখা যায়। কিছু ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত ব্যাখ্যা পরে পরিবর্তন করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
চিকিৎসকদের এক পর্যায়ের বক্তব্য অনুযায়ী, ইসিজি পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা ধরা পড়লেও পরবর্তীতে তার হৃদযন্ত্রকে স্থিতিশীল বলে উল্লেখ করা হয়।
ফলে সাম্প্রতিক এই হাসপাতালে ভর্তির ঘটনায় আবারও তার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: The Times of Israel
মতামত দিন