আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইউক্রেনে ‘পদ্ধতিগত হামলার’ ঘোষণা রাশিয়ার, কূটনীতিকদের শহর ছাড়ার আহ্বান।

নিজেস্ব প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভে সামরিক ও প্রশাসনিক স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে বিদেশি কূটনৈতিক মিশন ও নাগরিকদের দ্রুত শহর ত্যাগের আহ্বান জানানো হয়েছে।

রয়টার্সের ২৫ মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে বেসামরিকদের ওপর হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের সামরিক ব্যবহারের সঙ্গে যুক্ত অবকাঠামো ও প্রশাসনিক কেন্দ্রগুলো এখন থেকে নিয়মিতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এর আগে দেওয়া এক সতর্কবার্তায় রাশিয়া কিয়েভে অবস্থানরত বিদেশি নাগরিক ও কূটনীতিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই হুঁশিয়ারিকে প্রত্যাখ্যান করে পশ্চিমা দেশগুলোর প্রতি একতাবদ্ধ থাকার আহ্বান জানান। তার ভাষায়, রাশিয়ার চাপ বা ভয়ভীতি প্রদর্শনে কোনোভাবেই নতি স্বীকার করা উচিত নয়।

কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি কাতারিনা ম্যাথেরনোভা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই ধরনের হুমকির উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি করা হলেও ইউরোপীয় মিশন ইউক্রেন ছাড়বে না।

অন্যদিকে রাশিয়ার দাবি, ইউক্রেন সম্প্রতি লুহানস্ক অঞ্চলে একটি ছাত্রাবাসে ড্রোন হামলা চালিয়েছে। তবে কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সেখানে একটি সামরিক ড্রোন ইউনিটকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে।

মতামত দিন