ছয় বিভাগে ভারী বৃষ্টির আভাস, সাত অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ছয়টি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ ভারী বর্ষণও হতে পারে।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে তুলনামূলকভাবে বেশি এলাকায় বৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের কিছু অংশে এবং খুলনা ও বরিশালের বিচ্ছিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সময়ে দেশের ছয়টি বিভাগ—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহ কিছুটা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়।
দিনের তাপমাত্রা প্রায় একই থাকলেও রাতে সামান্য উষ্ণতা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতায় বলা হয়েছে, দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।
এ পরিস্থিতিতে ওইসব নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
দেশের অন্যান্য অঞ্চলেও ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা থাকায় সেসব নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
মতামত দিন